বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশের কারা ব্যবস্থাপনা অনেক উন্নত। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুরে ঢাকার হোটেল লা মেরিডিয়ানে চতুর্থ এশীয় আঞ্চলিক কারা সম্মেলনে তিনি এ কথা বলেন।
এবারের সম্মেলনের শ্লোগান হচ্ছে, কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য। বাংলাদেশসহ এশীয় অঞ্চলের ১৪ দেশের ২৮ জন সিনিয়র কারেকশনাল ম্যানেজার অংশ নিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কারাবন্দিদের কোনো শ্রেণি বিন্যাস নেই এটি ঠিক। কিন্তু অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের কারা ব্যবস্থাপনা উন্নত। আগের চেয়ে কারা নিরাপত্তা জোরদার ও সার্বিক ব্যবস্থাপনাও উন্নত হয়েছে। ভবিষ্যতে শ্রেণি বিন্যাসের বিষয়টিও ভাবা হবে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ। অনেক দেশে কারাবন্দিদের শ্রেণি বিন্যাস রয়েছে। তবে বাংলাদেশে এখনো তা সম্ভব হয়নি। এটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।
কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে কারা তথ্য শেয়ারিং এর মাধ্যমে আমাদের কারা সেক্টরকে আরও উন্নত করা হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় জেলখানা স্থানান্তর করে কেরানীগঞ্জে নেয়া হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই যে এক দিনে সাড়ে ৭ হাজার কারাবন্দিকে স্থানান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদপ্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। চলবে ১৮ মে পর্যন্ত।
এবারের ঢাকা চতুর্থ এশীয় অঞ্চলের কারা সম্মেলনে অংশ নেয়া দেশগুলো হচ্ছে- কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু।
এইচটি/ এমকে




